উপাত্ত সুরক্ষা আইন তড়িঘড়ি করে পাস না করার আহ্বান টিআইবির
মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় ‘উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ এর বিভিন্ন ধারার সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আইনটি যেন সাইবার সিকিউরিটি আইনের মত তড়িঘড়ি করে সংসদে পাস না করা হয়। কিছু ধারা সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩–এর ত্রুটিপূর্ণ বিধানসমূহের ওপর পর্যালোচনা ও সুপারিশ’ নিয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এসব কথা বলা হয়। ওয়েবসাইটে সর্বশেষ যে খসড়া রয়েছে, তার ওপর এ পর্যালোচনা হয়েছে বলে জানিয়েছে টিআইবি।
এদিকে আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এ আইনের নাম পরিবর্তন করে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩’ করা হয়েছে, যেটি ১৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে।
নাম পরিবর্তন প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, নাম যদি পরিবর্তিত হয়ে থাকে, তবে সেটি ইতিবাচক দিক। এ আইনের পরিধিতে ব্যক্তিগত তথ্যের বাইরে কিছু থাকার কথা নয়। তথ্য সীমাহীন। তার মধ্যে সুরক্ষা দেওয়ার কথা ব্যক্তিগত তথ্যকে। নামকরণটি পুরো আইনেই প্রতিফলিত হতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাইবার নিরাপত্তা আইনের মতো যদি শুধু খোলসের পরিবর্তন হয়, তাহলে সেটা অগ্রহণযোগ্যই থেকে যাবে।
টিআইবির নির্বাহী আরও বলেন, সাইবার সিকিউরিটি আইনের জন্য যেমন তড়িঘড়ি করা হয়েছে সেটি যেন না করা হয় এ আইনের ক্ষেত্রে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন। সরকার ইতোমধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে অংশীজনের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। সেই সুযোগটা যেন শেষ মুহুর্ত পর্যন্ত অব্যাহত থাকে। চূড়ান্ত খসড়াটি সংসদে উপস্থাপনের পূর্বে যেন সবার সঙ্গে আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, আমাদের সংবিধানে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার যে বিধান আছে সেটি যদি রেফারেন্স হিসেবে থাকে তাহলে আইনটি আরও বেশি মানবাধিকারকেন্দ্রীক হবে এবং এটির যে মূল লক্ষ্যে সেটির বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মনজুর-ই-আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। খসড়ার পর্যালোচনা পর্ব উপস্থাপন করেন টিআইবির ডেটা প্রোটেকশন অফিসার তরিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা সুমাইয়া খায়ের।







